দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও দুই তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় বাসের চাপায় গ্রামীণফোনের দুজন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার মহিলা রোড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই মহাসড়ক অবরোধ করেন এবং বাসটি পুড়িয়ে দেন।
এদিকে প্রবাসী মেয়ের শাশুড়ির মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইউসিবিএল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এ বি এম এহসানুল কবীর। দুর্ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। গতকাল ভোরে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরে নিহত ব্যক্তিরা হচ্ছেন গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাকচর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৪) ও অম্বিকাপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মো. নাসিরউদ্দিন (২২)।
গ্রামীণফোনের বিপণন বিভাগে কর্মরত মৃদুল রায় জানান, গতকাল সকালে সবুজ ও নাসির একটি মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে ভাঙ্গা যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে মহিলা রোড বাজার এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরাসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর ওই দুই আরোহী ছিটকে পড়েন। মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং বাসটি ওই অবস্থাতেই প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। পরে জামতলা বাজারের কাছে বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন এবং ওই বাসে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস ফরিদপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে। আধা ঘণ্টা পর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এহসানুল কবির পরিবারের সবাইকে নিয়ে ব্যক্তিগত মোটরগাড়িতে করে ঢাকা থেকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায় তাঁর বড় মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে গেড়াখোলা সেতুর কাছে পৌঁছালে একটি বাস গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এহসানুল কবির মারা যান। আহত হন এহসানুল কবিরের স্ত্রী রাশিদা কবীর, ছেলে ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাহরিয়ার কবীর, পুত্রবধূ শারমিন জাহান ও মেয়ে বৃষ্টি। চালক মুনসুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।