দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার আরোহী ছিলেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ ভাউমান এলাকার খঞ্জন আলীর ছেলে নূর ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৩৫), পাবনার ছাইতলা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ও লেগুনাচালক আলমগীর হোসেন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর থানার হলিদ্রারচালা এলাকার মোকসেদ আলীর মেয়ে রুমা আক্তার (২০) ও রংপুরের কাউনিয়া থানা এলাকার রাশেদুল ইসলাম (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই যানটির তিন যাত্রী নূর-সুফিয়া দম্পতি ও রুমা আক্তার মারা যান। আহত হন আটজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা হলেন আমিনুল ইসলাম (২৫), বকুল হোসেন (৩২), রবিউল (২২), আশরাফুল ইসলাম (২৬)। তাঁরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে গেছে। লেগুনাটি পুলিশের হেফাজতে রয়েছে।