
বেল্লাল মোল্লা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। দিনমজুরের কাজ করে যা উপার্জন করতেন, তা-ই দিয়ে চলত স্ত্রী, দুই সন্তান এবং মাকে নিয়ে পাঁচজনের সংসার। বেল্লালকে হারিয়ে চরম দুর্দশায় এই পরিবারটি।
বেল্লালের স্ত্রী সীমা আক্তার বলেন, দুই সন্তান সিফাত (৬) ও দেড় বছরের জুনায়েদের মুখে খাবার তুলে দিতে প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ করছেন তিনি। কিন্তু এভাবেও সংসার চলছে না। প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে। খেতে না পেয়ে শাশুড়ি মনোয়ারা তাঁদের ছেড়ে চলে গেছেন।
গত ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছোড়া গুলিতে পাঁচজন নিহত হন। তাঁদের একজন বেল্লাল মোল্লা। বাড়ি ইউনিয়নের বুড়িরচর গ্রাম।
শুধু বেল্লালের পরিবার নয়, টানাপোড়েনের মধ্যে দিন কাটছে নিহত অন্য চারজন সোহেল মাতুব্বর, শাহাদাৎ হোসেন, সোলায়মান তালুকদার ও কামরুল মৃধার পরিবারের সদস্যদেরও। ২২ মার্চ ভোটের পর রাতে স্থানীয় সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের বাতিল হওয়া ৭৪৬টি ভোট বৈধ ঘোষণার দাবিতে বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন ওই পাঁচজন। তঁাদের চারজনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সবাই ছিলেন আওয়ামী লীগের সমর্থক। মৃত্যুর দুই মাস যেতে না যেতেই দলের নেতারাও তাঁদের ভুলে গেছেন।
বুড়িরচর গ্রামের সোহেল মাতুব্বর ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। সোহেল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁর আয়েই সংসার চলত। সোহেলের বাবা ফজলুল হক বলেন, সোহেলের মৃত্যুর পর তাঁর (সোহেল) স্ত্রী রুমা দুই সন্তান নিয়ে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি নিয়েছেন। সোহেলের মা মানজুরা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। একই গ্রামের সোলায়মান তালুকদার ছিলেন মাস্টার্সের ছাত্র। মৃত্যুর কয়েক দিন পর তাঁর বাড়িতে পৌঁছে বেসিক ব্যাংকে যোগদানের নিয়োগপত্র। তাঁর বাবা আনোয়ার হোসেন বলেন, ‘বয়স হয়েছে। এই বয়সে দোকানে কাজ করতে কষ্ট হয়। ভাবছিলাম ছেলেটার চাকরি হলে কাজকর্ম ছেড়ে দেব।’
সংসারের পুরো দায়িত্ব ছিল হরিনপালা গ্রামের কামরুল মৃধার ওপর। তিনি ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। বাবা সাকুল ইসলাম মৃধা অসুস্থ। কামরুলের স্ত্রী বিথী আক্তার সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনায় নিহত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয় না।