দুর্দিনের কান্ডারি ছিলেন আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাক ছিলেন দুর্দিনের কান্ডারি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনিই দলকে নতুন করে সংগঠিত করেন। তিনিই স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সরকারি দল ও বিরোধী দল দুটোই হবে স্বাধীনতার পক্ষের শক্তি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গতকাল মঙ্গলবার আবদুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আবদুর রাজ্জাক স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় রাজ্জাকের ঘনিষ্ঠ অনুজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আবদুর রাজ্জাকের চিন্তা-চেতনায় ছিল স্বাধীনতা, তিনি যুদ্ধাপরাধীদের বিচারের স্বপ্ন দেখেছিলেন, গরিব-দুঃখী মানুষের মুক্তি চেয়েছিলেন। তাঁর মতো সংগঠক-নেতা আর দেখা যায় না। ছাত্রজীবন থেকেই তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।
বিএনপিকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়, তাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ওদের প্রতি ঘৃণা প্রকাশ ছাড়া আর কী বলার থাকতে পারে। খালেদা জিয়া হুমকি দিয়েছেন, আন্দোলনে সরকারের গদি তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে। কিন্তু দেশকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মহাজোটের ঐক্যের গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন আবদুর রাজ্জাক। তিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি। তিনি পরিষ্কার বলতেন, পাকিস্তানি কাঠামো, স্বৈরতন্ত্র আর জঙ্গিবাদ গণতন্ত্রের সঙ্গে যায় না।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আজ আবদুর রাজ্জাক বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একত্রিত করতেন। বিএনপি তাদের অন্তিম আন্দোলনে নামছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেন, আবদুর রাজ্জাক ভালোবাসা দিয়ে, আদর করে কাছে টেনে কর্মী সৃষ্টি করতেন। কিন্তু আজকে টাকা আর অস্ত্র কথা বলে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মৌলবাদী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তি আন্দোলনের নামে অস্থিতিশীলতার যে চক্রান্ত করছে, এই সময়ে আবদুর রাজ্জাকের মতো মানুষের খুব প্রয়োজন ছিল।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আবদুর রাজ্জাক আওয়ামী লীগের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল নিয়ে একটি ঐক্য গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশের সরকারি ও বিরোধী দল দুটিই হবে মুক্তিযুদ্ধের পক্ষের। তিনি বলেন, তাঁর সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হতো, তবে আজকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট অন্যরকম হতো।
ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বিশ্ব শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, আবদুর রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র সাংসদ নাহিম রাজ্জাক প্রমুখ।