দুর্ধর্ষ বন্দীদের আনা-নেওয়ায় নির্দেশনা মানা হচ্ছে না
দুর্ধর্ষ কয়েদি-হাজতিদের কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে যথাযথ নির্দেশনা মানা হচ্ছে না৷ কোনো কোনো ক্ষেত্রে প্রিজন ভ্যানের পরিবর্তে ঝুঁকিপূর্ণভাবে তাঁদের বাসে করে আনা-নেওয়া করা হচ্ছে৷ গাড়ির সামনে-পেছনে পুলিশ পাহারাও রাখা হচ্ছে না৷
সর্বশেষ গতকাল মঙ্গলবার বাসে করে চট্টগ্রাম কারাগার থেকে রাঙামাটি আদালতে নেওয়া হয় বিভাগীয় জেএমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদসহ পাঁচ জঙ্গিকে৷ কারা কর্তৃপক্ষ বলেছে, প্রিজন ভ্যানের জন্য আবেদন করা হলেও পুলিশ থেকে পাওয়া যায়নি৷
ময়মনসিংহের ত্রিশালে গত ২৩ ফেব্রুয়ারি প্রিজন ভ্যানে বোমা ও গুলিবর্ষণ করে দণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্যকে ছিনতাইয়ের ঘটনা দেশজুড়ে আলোচিত হয়৷ এরপর ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাগার থেকে আদালত ও অন্য কারাগারে দুর্ধর্ষ আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা দেয় মাঠপর্যায়ের পুলিশকে৷ কিন্তু তা মানা হচ্ছে না৷
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে চার হাজার ৮০০ কয়েদি-হাজতি রয়েছেন৷ এর মধ্যে ২৫ জন জেএমবির সদস্য৷ শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছাত্রশিবির ক্যাডার নাছির, সরোয়ার, ম্যাক্সন, আজম, বাইট্টা আলমগীর, দীপক দত্ত, শামীম, তছলিম উদ্দিন মন্টু, বিধান বড়ুয়াসহ অর্ধশতাধিক দুর্ধর্ষ বন্দী রয়েছেন৷ বিভিন্ন মামলায় হাজিরার জন্য কারাগার থেকে তাঁদের আদালতে হাজির করা হয়৷
কিন্তু পুলিশ পাহারা না দিয়ে সাধারণ আসামিদের মতো ১১ মে শামীমকে, ৭ মে সরোয়ার, ম্যাক্সন, বিধান বড়ুয়া এবং গত সোমবার টিংকু দাশকে কারাগার থেকে আদালতে আনা হয়৷
গতকাল জেএমবির কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মুহাম্মদ, তাঁর সহযোগী ওবায়দুর রহমান, আইয়ুব আলী, আবদুল হাফিজ ও আরিফুল ইসলামকে রাঙামাটি যুগ্ম জেলা জজ আদালতে হাজিরার জন্য প্রিজন ভ্যানের পরিবর্তে বাসে (চট্ট-মেট্রো-জ-১১-১৫০০) করে চট্টগ্রাম কারাগার থেকে নিয়ে যাওয়া হয়৷ পাঁচ জঙ্গিকে পরানো হয়নি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট৷ কারাগার থেকে বাসে ওঠার সময় তাঁদের পরনে ছিল পাঞ্জাবি ও প্যান্ট-শার্ট৷ বাসটির সামনে-পেছনে পুলিশের ১৪ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন পরিদর্শক মোহাম্মদ কুদ্দুস৷ তবে নির্দেশনা অনুযায়ী পাহারা দলের নেতৃত্বে থাকার কথা অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার৷
জাবেদের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাসহ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন থানার মামলায় ১৯৬ বছরের সাজা হয়েছে৷ আরও ১০টি মামলা বিচারাধীন রয়েছে৷ বিভিন্ন মামলায় আইয়ুব আলীর সাজা হয়েছে ২০ বছর৷ বাকিদের মামলা বিচারাধীন রয়েছে৷ রাঙামাটি কোতোয়ািল থানার একটি বিস্ফোরক মামলায় পাঁচ জঙ্গির আজ বুধবার হাজিরার দিন ধার্য রয়েছে৷
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘জাবেদসহ পাঁচ জঙ্গিকে রাঙামাটি পাঠানোর জন্য ১৮ মে প্রিজন ভ্যান ও প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়৷ কিন্তু প্রিজন ভ্যান না পাওয়ায় বাসে করে পাঁচ জঙ্গিকে রাঙামাটি পাঠানো হয়েছে৷’ তিনি আরও বলেন, র্যাবকেও বিষয়টি অবহিত করা হয়৷ তাঁরা বিষয়টি ওয়াচে রাখবেন বলে জানান৷
তবে গতকাল সকাল সাড়ে নয়টায় পাঁচ জঙ্গিকে কারাগার থেকে নিয়ে যাওয়ার সময় কোনো র্যাব সদস্যকে দেখা যায়নি৷
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘পর্যাপ্ত পাহারা দিয়ে পাঁচ জঙ্গিকে রাঙামাটি পাঠানো হয়েছে৷ আমাদের প্রিজনভ্যানটি ত্রুটিমুক্ত নয়, তাই সেটি দেওয়া হয়নি৷ তা ছাড়া এটি পাহাড়ে উঠতে পারবে না৷’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, নির্দেশনা পাওয়ার পর দুর্ধর্ষ আসামিদের সতর্কতার সঙ্গে কারাগার থেকে আদালতে আনা-নেওয়া করা হচ্ছে৷ দায়িত্বরত সব পুলিশ সদস্যকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে৷ এর পরও কোনো আসামিকে পাহারা ছাড়া আনা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন তিনি৷