দুর্ধর্ষ সন্ত্রাসী আলী আজম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী আলী আজমকে তাঁর দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে দারুসসালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আলী আজম মিরপুর থানার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। মিরপুরে প্রিন্স গ্রুপের মালিক কাজী শহীদুল্লাহ ও ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন মিস্টারসহ তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসের বহু অভিযোগ আছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দারুসসালাম থানার দক্ষিণ বিশিল থেকে আলী আজম ও তাঁর সহযোগী রাহাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর আগে আলী আজমের আরেক সহযোগী পান্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলী আজমকে গ্রেপ্তার করা হয়।