দুর্নীতি-অনিয়ম বন্ধে এক মাসের সময় দিলেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা এবং বন্দরের দুর্নীতি-অনিয়ম বন্ধে এক মাস সময় দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
গতকাল বুধবার বিকেল পাঁচটায় নগরের লালদীঘি ময়দানে এক জনসভায় এ ঘোষণা দেন তিনি। ‘চট্টগ্রাম বন্দর বাঁচাও, সাইফ পাওয়ারটেক হটাও’ স্লোগানে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, লাইসেন্স ছাড়া বন্দরে ঢুকে সাইফ পাওয়ারটেক লিমিটেড বন্দরের আইসিডি, এনসিটি ও সিসিটি—এই তিন টার্মিনালের কাজ হাতিয়ে নিয়েছে। চুক্তির শর্ত না মানলেও এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বন্দর চেয়ারম্যান। এ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার জন্য বন্দর চেয়ারম্যানকে এক মাসের সময়সীমা বেঁধে দেন তিনি। সমাবেশে তিনি এ প্রতিষ্ঠানের মালিককে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বন্দরের চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে সরকার দায়িত্ব দিয়েছে। কিন্তু বন্দরের কেনাকাটায় অনিয়মের প্রতিবাদ করায় ১৩ জন কর্মকর্তাকে নানা সংস্থায় বদলি করেছেন। অন্যায়ের প্রতিবাদে বদলি করবেন, এটা আর চলবে না। অবিলম্বে তাঁদের দায়িত্বে বহাল করতে হবে। তিনটি পুরোনো জাহাজ কেনার দুর্নীতির চিত্রও তুলে ধরেন তিনি।
সমাবেশে বক্তব্য দেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি আলতাফ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকান্ত ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রামের সভাপতি আবু হানিফ প্রমুখ।
সমাবেশে সাংসদ মঈন উদ্দীন খান বাদল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে অচিরেই আপনাদের ডাকা হবে। জনগণের প্রতিটি টাকার খরচের হিসাব দিতে হবে।’
মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনের বিষয়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আমিও সোচ্চার। কেউ বন্দরকে জিম্মি করুক, সেটি আমিও চাই না।’
জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সরকারি নিয়মনীতি মেনেই সাইফ পাওয়ারটেক লিমিটেড বন্দরে কাজ করছে।’