দুর্নীতি-অনিয়মের অভিযোগে ১০ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১০ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মেয়র সরফুদ্দীন আহমেদ তাঁদের বরখাস্ত করেন।সিটি করপোরেশন সূত্র জানায়, সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন সহকারী হিসাবরক্ষক মুকুল মিয়া, স্বাস্থ্য পরিদর্শক শোয়ায়েব ইকবাল, যান্ত্রিক প্রকৌশলী নুর আজাদ, সাধারণ শাখার উচ্চমান সহকারী নাইমুর রহমান, হিসাবরক্ষক শফিকুজ্জামান, কনজারভেন্সি বিভাগের পরিদর্শক মোস্তফা আইয়ুব, বিদ্যালয় পরিদর্শক ফরহাদ হোসেন, পিওন মোজাহার আলী ও আবুল কাশেম এবং কম্পিউটার অপারেটর মিজানুর রহমান। গত রবি ও সোমবার তাঁদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আগে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁরা এর জবাবও দেন। কিন্তু তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলে। তাই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো পরে জানানো হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে। এদিকে সিটি করপোরেশনের সাবেক সচিব মশিউর রহমানকে গত সোবমার ১০ দিনের মধ্যে রংপুরে তলব করা হয়েছে। মশিউর বর্তমানে নীলফামারী পৌরসভায় কর্মরত। রংপুর সিটি করপোরেশন হওয়ার পর তিনি নীলফামারীতে বদলি হয়ে যান। তাঁর বিরুদ্ধেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে সাবেক সচিব মশিউর রহমান গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত তলবের কোনো চিঠি পাইনি। তবে লোকমুখে শুনেছি। আমার তলবের বিষয়ে অভিযোগ সুনির্দিষ্ট থাকতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যেতেও পারব না।’ বরখাস্ত হওয়ার পর স্বাস্থ্য পরিদর্শক শোয়ায়েব ইকবালসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তাঁরা কেউ কিছু বলতে চাননি। রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাঁদের প্রথমে কারণ দর্শাতে বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার আগে বলেছিলাম, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব। তারই প্রাথমিক ধাপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’