প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য বা সহিষ্ণুতা গ্রহণ করা হবে না। দুর্নীতি অবিচারের জন্ম দেয়। আর এক স্থানে অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি।
প্রধান বিচারপতি গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে জেলা জজ ও সমপদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে৵ অভিভাষণে এ কথা বলেন। লিখিত ভাষণে তিনি বলেন, ‘বিচার বিভাগের যেকোনো কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতিবিষয়ক যেকোনো তথ্য আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। কারণ বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়।
বিচারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ কখনোই আমলে নেওয়া হবে না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগকে আমলে নেওয়া হবে। উপযুক্ত একজন বিচারক অভিযোগটি তদন্ত করবেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের প্রতি নতুন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ এবং আদালতের কর্মচারীদের বিরুদ্ধে আনা দুর্নীতির প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমাদের বিচারব্যবস্থায় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতা জনগণের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। আদালতগুলোতে প্রায় ২৭ লাখ মামলাজট আমরা বয়ে বেড়াচ্ছি। এ জন্য মামলা নিষ্পত্তির সময় ও ব্যয় বেড়ে যাচ্ছে। মামলাজট থেকে অব্যাহতি পেতে হলে অপ্রয়োজনে শুনানি মুলতবি করার বা পক্ষগণের সময়ের দরখাস্ত মঞ্জুর করা বন্ধ করতে হবে। বিচারের জন্য নির্ধারিত পুরো সময় বিচারকাজে ব্যয় করতে হবে।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমি শুনতে পাই কোনো কোনো জেলা জজ মধ্যাহ্ন বিরতির পর আদৌ বিচারকাজে বসেন না। এটা আদৌ গ্রহণযোগ্য নয়। ...শুনেছি কোনো কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট যাঁদের পরিবার ঢাকায় থাকেন, তাঁরা বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার উদ্দেশে রওনা দেন, রোববার দুপুরে ফিরে যান কর্মস্থলে। এ অবস্থাও গ্রহণযোগ্য নয়।’
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সারা দেশের জেলা জজ, জেলা জজ পদমর্যাদার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা এবং মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিমসহ ৩২৫ জন কর্মকর্তা অংশ নেন।