দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতির কুফল দেশের অর্থনীতিকে ধ্বংস করে।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালী পৌর হলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত এক মতবিনিময় সভায় মো. বদিউজ্জামান এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল মমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, সাবেক সচিব মো. আতাউর রহমান ও নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী।
দুদকের চেয়ারম্যান বলেন, অধিকাংশ দুর্নীতিবাজ সমাজের উচ্চ শ্রেণির, তারা অনেক শক্তিশালী। তাদের আইনের আওতায় আনতে অনেক বাধার মুখে পড়তে হয়। তার পরও দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে।
দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দেশের সর্বত্র ক্যানসারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সততা সংঘের সদস্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য দেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির, প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।