দুর্নীতি ও অদক্ষতায় বিটিসিএলের ক্ষতি ২ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর গত ছয় বছরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল) দুই হাজার কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে। কর্মকর্তাদের দুর্নীতি ও অদক্ষতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে পড়েছে।

গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টার-ন্যাশনালের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠানটিকে লাভজনক ও সেবামূলক করার ক্ষেত্রে সরকারের দায়িত্ব না নেওয়া এর অন্যতম কারণ।

‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক ফলোআপ প্রতিবেদনের প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে কোম্পানিতে পরিণত হওয়ার পর ২০১০ সালের মার্চে টিআইবি এটি নিয়ে প্রথম গবেষণা চালিয়েছিল।

সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ১৬ বছর আগে টেলিযোগাযোগসচিব থাকা সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি যখন সচিব ছিলাম, তখন এটি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড হিসেবে বছরে এক হাজার কোটি টাকা লাভ করত। একে কোম্পানি করার সময় বলা হলো, তা আরও লাভজনক হবে। কিন্তু তার বদলে এর সেবার মান কমেছে এবং এটি লোকসানে চলছে।’

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিটিসিএল প্রতিষ্ঠানকে কোম্পানি করার সময় সরকারের কোনো কৌশল ও পরিকল্পনা ছিল না। যথাযথ কর্মপরিকল্পনার অভাবে এটি অকার্যকর ও অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুই নৌকায় পা দিতে গিয়ে প্রতিষ্ঠানটি আজ ডুবতে বসেছে।