দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে গত সোমবার রাতে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানে প্রত্যাশার কথা জানান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান l প্রথম আলো
চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে গত সোমবার রাতে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানে প্রত্যাশার কথা জানান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান l প্রথম আলো

‘সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় প্রথম আলো কার্যকর ও ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। এটি শুধু একটি সংবাদপত্রই নয়, সামাজিক সংগঠনও। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রথম আলো আরও শক্ত অবস্থান নেবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রথম আলোর সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও দেখতে চাই।’
চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে গত সোমবার রাতে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানে বক্তারা এমন প্রত্যাশাই ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রথম আলো নির্মিত ছয়টি প্রামাণ্যচিত্র দেখানো হয়। মিলনায়তন ভরা দর্শক ও প্রথম আলোর পাঠকেরা পিনপতন নীরবতায় তা উপভোগ করেন। প্রথম আলোর এমন উদ্যোগকে ইতিবাচক মন্তব্য করে বক্তারা সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষেত্রের অদম্য মেধাবীদের নিয়ে আরও প্রামাণ্যচিত্র নির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ঘোড়সওয়ার কিশোরীকে নিয়ে প্রথম আলোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে এ ধরনের ভিডিওচিত্র।
একই কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। প্রথম আলো দুর্নীতিবাজদের শক্তভাবে ধরলে দেশে দুর্নীতি থাকবে না।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গাবাসীর অবদানের স্বীকৃতিতে প্রথম আলোকে পাশে চান তাঁরা।
সরকারি কৌঁসুলি (পিপি) মহ. শামসুজ্জোহা বলেন, ‘আমার সম্মানী দৈনিক মাত্র ২৫০ টাকা। পিপি-এপিপিদের দুঃখ-দুর্দশা নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন চাই।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর ক্রোড়পত্রগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বেশি প্রতিবেদন প্রকাশিত হয়। আমরা মফস্বলের খবরকেও গুরুত্বের সঙ্গে প্রথম আলোতে দেখতে চাই।’
উদীচী চুয়াডাঙ্গার সভাপতি নওশের আলী বলেন, রাজনীতির সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে প্রথম আলোকে উদ্যোগ নিতে হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান দাবি করেন, ‘প্রথম আলোর পাতায় মফস্বলের সাংস্কৃতিক কর্মকাণ্ড, এ কর্মকাণ্ডের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বেশি প্রতিবেদন চাই।’
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ছাত্র রুবেল হোসেন বলেন, ‘দিন দিন মানুষ বাড়লেও কৃষিজমি কমছে। নতুন কৃষিপ্রযুক্তি ও নতুন জাতের বীজ নিয়ে প্রতিবেদন চাই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জ্যেষ্ঠ নার্স বিউটি কুইন বলেন, ‘দিন-রাত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখি। অথচ সেবাগ্রহীতাদের কেউ কেউ অসৌজন্যমূলক আচরণ করেন। এই মানসিকতার পরিবর্তনে প্রথম আলোর ভূমিকা রাখা দরকার।’
পাঠকদের মতামতের জবাবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা শক্ত হতে চাই। এ জন্য আপনাদের কাছ থেকে সাহস চাই। আমরা মাদক, অ্যাসিড-সন্ত্রাস ও জঙ্গিবাদকে “না” বলি। আমাদের এই আন্দোলনে আপনারা একাত্মতা ঘোষণা করবেন। আমরা পাঠকের পছন্দ, চাহিদা, অনুভূতি ও প্রতিক্রিয়া জানতে “ডোর টু ডোর” কর্মসূচি নিয়েছি। যার অংশ পাঠকের মুখোমুখি এই অনুষ্ঠান।’
অনুষ্ঠানে সুরকানন একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ সময় প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিপণন) এ বি এম জাকারিয়া, ব্যবস্থাপক (বিপণন) আমিরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (বিপণন) আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।