দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে কারাবন্দীদের অনশন
কারাগারের ভেতরে দুর্নীতি ও বন্দীদের নির্যাতনের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছেন মেহেরপুরের কারাবন্দীরা। গত রোববার বিকেল থেকে বন্দীরা অনশন শুরু করেন।গতকাল দুপুর ১২টায় পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহিল বাকী বলেন, জেলা প্রশাসকসহ তিনি কারাগারের ভেতরে অবস্থান করছেন এবং বন্দীদের অনশন ভাঙানোর চেষ্টা করছেন।মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসা মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, কারাগারের ভেতরে যেকোনো সুবিধা গ্রহণে ইদানীং বন্দীদের কয়েক গুণ বেশি অর্থ ঘুষ দিতে হয়। অন্যথায় অযথা ডান্ডাবেড়ি পরানোসহ নানা ধরনের নির্যাতন করা হয়। মিনহাজ উদ্দিন বলেন, রোববার দুপুরে খাওয়া শেষে হীরা নামের এক বন্দী কারাগারের ক্যানটিনে সিগারেট কিনতে যান। সেখানে এক প্যাকেট গোল্ডলিফ সিগারেটের মূল্য ধরা হয় ১১০ টাকা। এ নিয়ে ক্যানটিনের ইজারাদারের সঙ্গে ওই বন্দীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্যানটিন-মালিকের পক্ষ নিয়ে কারাধ্যক্ষ ওই বন্দীকে অমানুষিক নির্যাতন করেন। এরপর বিকেল থেকে কারাধ্যক্ষের অপসারণ, কারাগারের ভেতরে ঘুষ-দুর্নীতি বন্ধ, অযথা ডান্ডাবেড়ি না পরানোসহ বিভিন্ন দাবিতে কারাবন্দীরা অনশন শুরু করেন।অভিযোগ অস্বীকার করে কারাধ্যক্ষ মাসুদ করিম বলেন, হীরা নামের ওই কয়েদিকে নির্যাতন করা হয়নি। গন্ডগোল করার জন্য তাঁকে ধমক দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বন্দীরা খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন।’গতকাল দুপুর ১২টায় মেহেরপুরের এসপি আবদুল্লাহিল বাকী বলেন, বন্দীদের অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের অনশন ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। মেহেরপুর জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।