সাতক্ষীরা জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের নয় মাসের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তেমন কোনো কাজ হয়নি। জেলার ২৩৮টি কেন্দ্র পরিচালনার নামে বিভিন্ন খাতে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ফলে ২৫ কোটি টাকা ব্যয়ে পুরো প্রকল্পের মূল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।তিন মাস ধরে প্রকল্পের শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। প্রথম পর্যায়ের প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে, অথচ এখনো টেলিভিশনসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়নি।সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) নামের একটি বেসরকারি সংগঠন জেলায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বা মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ বাস্তবায়ন করছে। প্রকল্পটি তদারকের দায়িত্ব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালকের ওপর। কিন্তু তিনি মাঠপর্যায়ে প্রকল্পের তদারক করেন না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার কাছ থেকে তিনি আর্থিক সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় জেলায় ২০০৯ সালের ১ অক্টোবর সাতক্ষীরা সদরের রইচপুরে একটি কেন্দ্র উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক। এর মাধ্যমে জেলায় ওই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ২৩৮টির মধ্যে প্রতিটি কেন্দ্রে ২০ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থ ঘর নির্মাণের কথা। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে শিলকড়ই বা কাঁঠালকাঠের একটি হাতলযুক্ত চেয়ার, পাঁচটি টেবিল, আটটি বেঞ্চ, একটি করে শেলফ, আলমারি, নোটিশ বোর্ড, ব্ল্যাকবোর্ড, রেডিও, টেলিভিশন, তালা ও ইস্যুভিত্তিক ১২৫টি বই সরবরাহের কথা।সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ স্থানে বাগান বা অপরিচ্ছন্ন পরিবেশে নিয়ম না মেনে দায়সারাগোছের ঘর তৈরি করা হয়েছে। রেডিও দেওয়া হলেও সেটা বাজে না। সরবরাহ করা হয়েছে শিশুকাঠ দিয়ে তৈরি আসবাব।সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারিনগর, রামেরডাঙ্গা ও বলাডাঙ্গা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে প্রতি শিফটে ৩০ জন করে ছাত্রছাত্রী থাকার কথা থাকলেও মেয়েদের দিবা শিফটে আট-দশজন ও পুরুষদের রাতের শিফটে পাঁচ-সাতজন করে আছেন। তাঁদের কেউ কেউ বসে লুডু খেলছেন। বিহারিনগর কেন্দ্রের শিক্ষক আবু তাহের জানান, প্রথমদিকে কিছু ছাত্র আসত। এখন বেশি ছাত্রছাত্রী আসে না। তিনি বলেন, যেসব জিনিসপত্র দেওয়া হয়েছে, তা খুবই নিম্নমানের। চেয়ার, টেবিল, শেলফ নষ্ট হয়ে গেছে। আগে পত্রিকা দেওয়া হলেও এখন আর দেওয়া হচ্ছে না। কেন্দ্রের ঘর ছোট, বেঞ্চ রাখার জায়গা হয় না। রেডিও বাজে না, টেলিভিশন দেওয়া হয়নি। তিন মাস ধরে বেতন দেওয়া হয় না। একই ধরনের অভিযোগ বলডাঙ্গা কেন্দ্রের রবিউল ইসলাম, রামেরডাঙ্গা কেন্দ্রের আবদুছ ছাত্তারসহ অনেকের।আশাশুনি উপজেলার গুনাকরকাটি কেন্দ্রের শিক্ষক আজমিরা খাতুন বলেন, তাঁদের যে সেলাইয়ের মেশিন দেওয়া হয়েছে, তা ভালো নয়। যে কাঁচি দেওয়া হয়েছে, তা দিয়ে কাপড় কাটা যায় না। গত ২০ এপ্রিল আশাশুনি উপজেলা মিলনায়তনে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিন বলেন, ‘কেন্দ্রগুলো যেনতেনভাবে করা হয়েছে। যে টিন দেওয়া হয়েছে, তা খুবই নিম্নমানের। কোনো লেখাপড়া হচ্ছে না। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা লুটপাট করা হচ্ছে।’সাসের পরিচালক ইমান আলী জানান, টেলিভিশন সরবরাহ করা যায়নি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সিদ্ধান্তের কারণে। ১০ দিনের মধ্যে সরবরাহ করা হবে। তিনি আরও জানান, প্রকল্পের নীতিমালা অনুযায়ী সব করা যায়নি। কিছু সমস্যা রয়েছে। প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় বেতন দিতে একটু দেরি হচ্ছে।সাতক্ষীরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা সহকারী পরিচালক মুহম্মদ বজলুল রশিদ জানান, তিনি প্রায় সবকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। সবই ঠিকভাবে চলছে। শুধু টেলিভিশন সরবরাহ করা হয়নি। যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনি সেসবের সঙ্গে জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে বজলুল রশিদ বলেন, ‘এটা ঠিক নয়।’