দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। নিয়োগবঞ্চিত প্রার্থীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ভবনে গত সোমবার হামলার চেষ্টা করেন। একই অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে ছাত্রলীগের একদল বিক্ষুব্ধ কর্মী মিছিল বের করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।অভিযোগ পাওয়া গেছে, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাদের আত্মীয় অথবা তাঁদের মনোনীত প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন। নিয়োগে সম্প্রদায়ভিত্তিক কোটা ও প্রতিবন্ধী কোটা মানা হয়নি। অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয়েছে ৬৪ জনকে। এর মধ্যে লংগদু উপজেলার এক পরিবারের চার প্রার্থী নিয়োগ পেয়েছেন। সরেজমিনে দেখা গেছে, জেলা পরিষদ কার্যালয় চত্বরে পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, গত সোমবার রাতে হামলার চেষ্টা হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাঙামাটি জেলা পরিষদ সূত্র ও বঞ্চিত প্রার্থীরা জানান, গত সোমবার রাত নয়টার দিকে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া ২৫৪ জন সহকারী শিক্ষক ও ১৪ জন প্রধান শিক্ষকের নাম নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দুই শতাধিক চাকরিপ্রার্থী জেলা পরিষদ কার্যালয়ে এসে নিজেদের নাম খুঁজতে থাকেন। কিন্তু তাঁদের নাম না দেখে এবং বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের আত্মীয়স্বজনের নাম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে রাত ১০টার দিকে বঞ্চিত প্রার্থীরা পরিষদ কার্যালয় ভবনে হামলার চেষ্টা চালান। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের সরিয়ে দেয়। জানা গেছে, রাঙামাটি জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে সাত হাজার ৪১৪টি আবেদন জমা পড়ে। পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচ হাজার ৮০০ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় কৃতকার্য হন এক হাজার ১৯ জন। ১৯৮৯ সাল থেকে তৎকালীন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (পার্বত্য চুক্তির পরে জেলা পরিষদ) জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিয়ে আসছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাঙামাটি শহরের জেলা প্রশাসন কার্যালয় সড়কের হ্যাপী মোড়ে জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা একটি ব্যানার নিয়ে ছাত্রলীগের শতাধিক কর্মী জড়ো হন। পরে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে জেলা পরিষদ কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতি শাহ ইমরান, সাধারণ সম্পাদ সাইফুল ইসলামসহ কয়েকজন কর্মী এসে তাঁদের সঙ্গে কথা বলেন। এরপর ব্যানার গুটিয়ে নিয়ে দীর্ঘক্ষণ ধরে সেখানে তাঁদের মধ্যে আলোচনা চলে। পরে দুপুর একটার দিকে ছাত্রলীগের কর্মীরা ওই স্থান ত্যাগ করে চলে যান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, যাঁরা মিছিল করতে চেয়েছেন, তাঁরা ছাত্রলীগের কোনো পর্যায়ের কর্মী নন। তবে ছাত্রলীগের সাবেক নেতা নিহার দেব অভিযোগ করেন, শুধু জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য ও নেতাদের আত্মীয় অথবা মনোনীত ব্যক্তিরাই নিয়োগ পেয়েছেন। রাঙামাটি শহরের মাঝেরবস্তি এলাকার বাসিন্দা হিমানিশ চাকমা অভিযোগ করেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা থাকলেও একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। তাঁর ভাই একজন প্রতিবন্ধী প্রার্থী হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায়ও অংশগ্রহণ করেছিলেন বলে তিনি জানান। কিন্তু তিনি নিয়োগ পাননি। এদিকে বাঘাইছড়ি উপজেলার কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বৃষকেতু চাকমাসহ উপজেলার আওয়ামী লীগের কয়েকজন নেতার আত্মীয়স্বজন ও তাঁদের মনোনীত প্রার্থীরা নিয়োগ পেয়েছেন।রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্নীতি-অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।