দুর্নীতি কমাতে আইনপ্রণেতাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, বিচারকদের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়, যা দুর্নীতিবাজদের আরও দুর্নীতি করতে উৎসাহিত করে। অন্যদিকে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে দুর্নীতিবাজেরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়।দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। এর আগে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘দুদক নামক একটি প্রতিষ্ঠানের পক্ষে সব দুর্নীতি নিরসন করা অসম্ভব। এর জন্য দেশের সব গণমাধ্যম ও জনগণকে সচেতন হতে হবে।’ মানববন্ধনে দুদকের কমিশনার মো. বদিউজ্জামান, এম সাহাবুদ্দিন, সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এইচ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।