
নেতিবাচক কাজের জন্য তিরস্কার এবং ভালো কাজের জন্য পুরস্কার থাকলে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) চট্টগ্রাম মহানগর কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। মুখ্য আলোচক ছিলেন ইফতেখারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন আকতার কবির চৌধুরী। সঞ্চালনা করেন সনাক চট্টগ্রামের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার।
প্রধান অতিথি মুশতারী শফী বলেন, সাধারণ মানুষ দুর্নীতি করে না, তারা শিকার হয়। দুর্নীতি করে শিক্ষিত মানুষ। কিছুসংখ্যক মন্দ লোকের জন্য আজ সমাজকে দুর্নীতির বোঝা বহন করতে হচ্ছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখায় যাঁদের সোনার মেডেল দেওয়া হয়েছে, সেখানেও দুর্নীতি হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কী করার ছিল?’
সনাকের উপদেষ্টা মুহাম্মদ সিকান্দর খান বলেন, কোনো একটি উদ্যোগ যখন কোনো গোষ্ঠীর বিপক্ষে যায়, তখন ওই প্রতিষ্ঠানের সমালোচনা করে গোষ্ঠীটি। তারপরও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু আলোকিত মানুষ থাকলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সেটা মনে করার কারণ নেই। অন্য বিষয়গুলোও নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ও দুর্নীতিবিষয়ক প্রবন্ধ পাঠ্য করার বিষয়ে সরকারের সঙ্গে টিআইবি কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে দুদককে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, ‘অনেকে বলেছেন, গণতন্ত্র চ্যালেঞ্জের মুখোমুখি। উন্নয়ন আগে, তারপর নিয়ন্ত্রিত গণতন্ত্র। কিন্তু চূড়ান্ত বিবেচনায় জনগণ ক্ষমতার মালিক। একজন ইফতেখারকে স্তব্ধ করা যাবে, কিন্তু ১৬ কোটি জনগণকে স্তব্ধ করা যাবে না। তাই আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জ মনে হলেও সবাই সোচ্চার হলে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনভেনশনের সদস্য বলেই একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলের বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। তাই নানা সমালোচনা ও ঝুঁকির মুখে কাজ করলেও আমরা আশাবাদী। ঝুঁকি আছে, তবু মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য পিছপা হব না।’
মতবিনিময় সভায় অধ্যাপক আনোয়ারা আলম, অধ্যাপক উদিতি দত্ত, অধ্যাপক লতিফা কবির, প্রকৌশলী এম এ রশিদ, অধ্যাপক মো. ইয়াহ্ইয়া আখতার, রাজনীতিবিদ শাহআলম, অধ্যাপক মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।