দুর্নীতি কমাতে ভূমি কর্মকর্তাদের ক্ষমতা কমছে: ভূমিসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

দুর্নীতির সুযোগ কমাতে মাঠপর্যায়ে ভূমি কর্মকর্তাদের ‘বিবেচনামূলক ক্ষমতা’ কমানো হচ্ছে। আর এ জন্য পুরো ভূমি ব্যবস্থাপনাকে একটি মানসম্পন্ন পরিচালনা পদ্ধতির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

আজ শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘ভূমি ব্যবস্থাপনায় জন–অংশগ্রহণ ও সুশাসন’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান এসব কথা জানান।

ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্ক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ভূমিসচিব বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ ১৬১২২ নম্বরে মুঠোফোনযোগে খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপের আবেদন করছেন। এর ফলে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার মতোই মুঠোফোনে নামজারির আবেদনের সুযোগ তৈরি করা হচ্ছে। ডিজিটাল ভূমিসেবা পেতে স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করারও প্রয়োজন নেই। জমির যেসব দলিল সরকারি অফিসে আছে, এই পদ্ধতিতে সেগুলো আর আলাদা করে জমা দিতে হবে না। এতে নামজারি করা আরও সহজ হবে।

ভূমি অপরাধ আইনের খসড়া তৈরি প্রায় শেষ হয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, শিগগিরই সেটি মতামতের জন্য উন্মুক্ত করা হবে। এ ছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমিসচিব বলেন, সরকারি নীতির কারণে ভূমিসেবা হটলাইন ১৬১২২ এখনই টোল ফ্রি করা সম্ভব হচ্ছে না। কেননা, ভূমি বিষয়টি সংকটকালীন জরুরি সেবার অন্তর্ভুক্ত নয়।

ভূমিসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় ৩১টি দিকনির্দেশনা দিয়েছিলেন। ভূমিমন্ত্রী সাইফুজামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় এখন তা বাস্তবায়ন করছে।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিকেরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফিসহ সনদ বিতরণ করেন ভূমিসচিব।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক বি এম জাহাঙ্গীর ও আলমগীর স্বপন।