দুর্নীতি কমালে দেশের প্রবৃদ্ধি আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তারা যে যেখানে আছেন, তাঁদের প্রত্যেকের সেবার মান বাড়াতে হবে। সেবার মান বাড়ালে ও দুর্নীতি কমালে দেশের প্রবৃদ্ধি আরও বাড়বে। দুর্নীতি কমাতে গ্রেপ্তার করা একমাত্র সমাধান নয়, পুরো ব্যবস্থারই উন্নতি ঘটাতে হবে।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান-সংক্রান্ত মতবিনিময় সভায় দুদক কমিশনার এসব কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘দুর্নীতি কমাতে তথ্যপ্রযুক্তি, মুঠোফোনের অ্যাপের ব্যবহার বাড়াতে হবে। রাজউক, পাসপোর্ট কার্যালয়, পল্লী বিদ্যুৎসহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। দুদক বেশ কয়েকটি গণশুনানি করেছে। সেগুলোতে অনেক অভিযোগ উঠে এসেছে।’

জাতীয় রাজস্ব বোর্ডে থাকাকালীন নিজের অভিজ্ঞতা তুলে ধরে নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘এনবিআরে থাকার সময় রাজস্ব আদায় বাড়াতে পেরেছি, কিন্তু দুর্নীতি তেমন কমাতে পারিনি। এটা একটি ব্যর্থতাই বলব। অনেক ট্যাক্স আদায় করতে চেয়েছিলাম, কিন্তু মাঝেমধ্যে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এসে যায়। এমপি সাহেবেরা যদি শিল্পপতি হয়ে যান, তাহলে তো ট্যাক্স আদায় কঠিন হয়ে পড়ে।’

দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধেও গণশুনানির আয়োজন করা হবে জানান দুদক কমিশনার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, দুদকের চট্টগ্রামের পরিচালক আবু সাঈদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. খোরশেদ আলম।