‘দুর্নীতি করে অর্থ উপার্জন করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এখানে সামান্যতম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। অধিদপ্তর, শিক্ষা বোর্ড, প্রকল্প অফিস, দপ্তর, সংস্থাসহ মাঠ পর্যায়ের অফিসে দুর্নীতির প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করে তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় সভায় কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এ ঘোষণা দেন। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব ও সহকারী সচিবেরা উপস্থিত ছিলেন।
শিক্ষাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বিষয় খোলা, এমপিওভুক্তি, প্রকল্প অনুমোদন, নিয়োগ, বদলির কাজ সরকারি নিয়মে সম্পন্ন হয়, কোনো কাজে টাকা লাগে না—এ বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন কাজের জন্য কৃতিত্ব দাবি করে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারও বিরুদ্ধে এ ধরনের প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের কাজের ছুঁতোয় কেউ অর্থ দাবি করলে তাঁকে নিকটস্থ থানায় সোপর্দ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান সচিব। তিনি শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয় গেট, বিভিন্ন দপ্তর-অধিদপ্তরসহ অন্যান্য অফিসে একটি করে অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দেন।