দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক ও আদালতের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। আজ মঙ্গলবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে এ সম্মেলন অনু​ষ্ঠিত হয়।

দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না, এমনটা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি অবিচারের জন্ম দেয়। এক স্থানের অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতিবিষয়ক তথ্য তিনি গুরুত্বের সঙ্গে নেন। কারণ বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট ও ধীর। তিনি বলেন, ‘বিচারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ আমি কখনোই আমলে নেব না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগ আমি আমলে নেব এবং উপযুক্ত একজন জজ অভিযোগটির তদন্ত করবেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা আদালত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধান বিচারপতি সম্মেলনে উপস্থিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতি নতুন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ ও আদালত কর্মচারীদের বিরুদ্ধে আনা দুর্নীতির প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে নির্দেশ দেন।

মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের বিচার ব্যবস্থায় মামলাজট ও বিচারের দীর্ঘসূত্রতা জনগণের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। আদালতগুলোতে প্রায় ২৭ লাখ মামলাজট বয়েছে। এতে মামলা নিষ্পত্তির সময় ও ব্যয় বেড়ে যাচ্ছে। মানুষ নিতান্ত বাধ্য না হলে তাঁর বিরোধকে আদালতে আনতে উৎসাহী হয় না। মামলাজট থেকে অব্যাহতি পেতে হলে অপ্রয়োজনে শুনানি মুলতবি বন্ধ করতে হবে। বিচারের জন্য নির্ধারিত পুরো সময় বিচারকার্যে ব্যয় করতে হবে।

প্রধান বিচারপতি বলেন, আমি শুনতে পাই কোনো কোনো জেলাজজ মধ্যাহ্নবিরতির পর বিচারকাজে বসেন না। এটা আদৌ গ্রহণযোগ্য নয়। কার্যতালিকা এমনভাবে ও এ রকম সংখ্যায় মামলা রাখতে হবে, যেন পুরো বিচারিক সময় আদালত কার্যরত থাকতে পারে।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামানের সঞ্চালনায় সম্মেলনে জেলা জজ, জেলা জজ পদমর্যাদার বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা, মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিমেরা অংশ নেন।