নতুন সাংসদদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁদের সতর্ক করে বলেন, দুর্নীতি করলে কেউ রেহাই পাবেন না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ সতর্কবার্তা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ খবর জানা যায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক শুরু হয়ে রাত সাড়ে আটটায় শেষ হয়। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হয়। দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী এবং সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীর নাম প্রস্তাব করেন। তাঁর প্রস্তাব সমর্থন করেন যথাক্রমে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদীয় দলের বৈঠকের আগে বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সূত্রমতে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতার নাম প্রস্তাব করেন। পরে শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে যান। রাষ্ট্রপতি তাঁকে স্পিকার পদে মনোনয়নের কথা জাানিয়ে দেন।
শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার সকাল ১০টায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করে শপথ নেবেন।
শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ ধারা অনুযায়ী তাঁকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে গতকালই শিরীন শারমিন চৌধুরীর নাম গেজেট করে এবং সন্ধ্যা ছয়টার মধ্যে তা সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দেন। এ ক্ষেত্রে তিনি ঐক্যবদ্ধ হয়ে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করতে হবে। কোনো সাংসদ নিজস্ব প্রার্থী দেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।