দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতি করার ৩০ বছর পরও দুর্নীতিবাজের বিচার হচ্ছে। তাই দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই।গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এবং পরে স্থানীয় সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।গোলাম রহমান বলেন, তরুণসমাজকে সৎ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তোলার জন্য স্কুল-কলেজে ‘সততা সংঘ’ গড়ে তোলা হচ্ছে। এ কাজে ভালো সাড়া মিলেছে। তিনি বলেন, ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সারা দেশে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। প্রথম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রমা রানী রায়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (গবেষণা) আবু মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন শেখ কেরামত আলী, জেলা তথ্য অফিসার এ এস এম কবির প্রমুখ।