দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দেশ স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি আসেনি। আর এ ক্ষেত্রে প্রথম ও প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। সরকারি-বেসরকারি প্রতিটি স্তরে দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে।দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে ‘দুর্নীতি দমনে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারে সংস্থার চেয়ারম্যান এসব কথা বলেন। গোলাম রহমান বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণকে দুর্নীতির বিরুদ্ধে এক হতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ বিভাগের পরিচালক মনজুর হাসান। সঞ্চালক ছিলেন দুদকের সচিব ফয়জুর রহমান।সেমিনারে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, দুর্নীতি দমন কমিশনের উচিত, কেস স্টাডি করে দুর্নীতি ঘটার প্রক্রিয়া, কারণ ও তা প্রতিরোধের উপায় বের করা। আইনে রিসার্চ সেলের ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এ জন্য টাকা লাগলে সরকার অবশ্যই তা দেবে। অধ্যাপক মোজাফ্ফর মন্তব্য করেন, ‘সরকারি সিস্টেমের ভেতর’ গলদ আছে এবং তা দূর করার জন্য দুদক একা কাজ করে সফল হবে না।দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, দেশে বিদ্যমান সংবাদপত্রের স্বাধীনতার সদ্ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে দুদক।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী, আইনজীবী আনিসুর রহমান ও মো. হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ কমিটির মো. ইস্কান্দার প্রমুখ।