শিক্ষা ভবনখ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের এক শাখায় দেড় বছর হলেই অন্যত্র বদলি করা যাবে। আগে এসব কর্মচারীর বদলির জন্য কমপক্ষে তিন বছর সময় লাগত। নিয়ম থাকলেও তিন বছর পর কর্মচারীকে সরানো যেত না।দুর্নীতি রোধ ও স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি মাউশি কর্তৃপক্ষ কর্মচারীদের নিয়মিত বদলির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের আলোকে গত বুধবার ৪৮ জন কর্মচারীকে নিজ শাখা থেকে অন্য শাখায় বদলি করা হয়েছে। একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুধু শাখা বদল নয়, প্রয়োজনে অধিদপ্তরের আওতাধীন অন্য কোনো প্রতিষ্ঠানেও বদলি করা হবে। অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘মাউশি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর করা তদন্ত কমিটির সুপারিশ ও শিক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, এতে করে অধিদপ্তরের স্বচ্ছতা বাড়বে।’শিক্ষা ভবনের দুর্নীতির অভিযোগ পুরোনো। এ ভবনের দুর্নীতি নিয়ে প্রায়ই গণমাধ্যমে সংবাদ হয়ে থাকে। কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে চক্র করে এখানে দুর্নীতি হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে একটি গোয়েন্দা সংস্থা দুর্নীতির অভিযোগে শিক্ষা ভবনের কর্মচারী নেতাসহ বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন হতে পারেনি। বরং শিক্ষা ভবনে এখনো দুর্নীতি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। কর্মচারীদের পাশাপাশি কিছু কর্মকর্তাও দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তারও যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করা হয়।শিক্ষা ভবনে যে দুর্নীতি হচ্ছে তার প্রমাণ গত মাসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেই দেখেছেন। গত মাসে হঠাৎ করে শিক্ষা ভবনে পরিদর্শনে গিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে এক কর্মচারীকে হাতেনাতে ধরেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশে কোড পরিবর্তন শাখার ওই কর্মচারীকে তাৎক্ষণিক খাগড়াছড়ি জেলার মানিকছড়ির রাণী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়।শিক্ষামন্ত্রী ডিসেম্বরের মধ্যেই অধিদপ্তরের ইতিবাচক সুনাম (ইমেজ) নিশ্চিত করতে মাউশি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শুধু তা-ই নয়, সরাসরি মন্ত্রীর তত্ত্বাবধানে শিক্ষা ভবনের নিচে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, যার চাবি শিক্ষামন্ত্রীর হাতে থাকে। তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।