দুর্নীতি ঠেকাতে মাইকিং
কাজ না করে ভুয়া প্রকল্পের মাধ্যমে টিআর, কাবিখা ও এডিবির টাকা আত্মসাতের পাঁয়তারা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে মাইকিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সচেতন নাগরিক সমাজ এ মাইকিং চালায়।প্রচারণায় বলা হয়, জলঢাকা উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার গত অর্থবছরে টিআর প্রকল্পে ৫৭৫ মেট্রিক টন, কাবিখা প্রকল্পের জন্য ৩২০ মেট্রিক টন গম এবং এডিপি প্রকল্পের জন্য ২১ লাখ টাকা বরাদ্দ দেয়। এসব কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে ওই সব বরাদ্দের বিপরীতে ভুয়া প্রকল্প দাখিল করে টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন। একে প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন বলেন, ‘লোকমুখে মাইকিংয়ের খবর জেনেছি। এখন মাইকিং বন্ধ হয়েছে। এর পরও বিষয়টি দেখব, যাতে কোনো অনিয়ম না হয়।’ সচেতন নাগরিক সমাজ, জলঢাকার আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, ‘অনিয়ম, দুর্নীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।’