চট্টগ্রামে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা বলেছেন, দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। এর জবাব আওয়ামী লীগকে একদিন দিতে হবে। হরতালের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা এ কথা বলেন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।সমাবেশে নোমান বলেন, বর্তমান সরকার তার দুঃশাসন-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য ইলিয়াস আলীকে গুম করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম, বোয়ালখালী বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সিলেটের ইলিয়াস আলীসহ অসংখ্য লোককে গুম ও হত্যার মধ্য দিয়ে দেশে এক অরাজক অবস্থা তৈরি করেছে। নোমান বলেন, আজ বুধবারের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত না দিলে চট্টগ্রাম থেকে তাঁরা সরকার পতনের আন্দোলন শুরু করবেন। সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করেনি, গণতন্ত্রকে গুম করেছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সমস্ত প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলকে দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে। আদালতকে পর্যন্ত দলীয়করণ করেছে। সরকারের এমন অবস্থা হয়েছে যে নিজ দলের সংসদ সদস্য পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। টাকাসহ ধরা পড়ার পরও মন্ত্রিত্বে বহাল রেখে প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রকাশ্যে প্রশ্রয় দিয়েছেন।’