বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সরকার নিজের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার নামে ‘গণজাগরণ’ নাটক শুরু করেছে। সরকার ভাবছে কিছু যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দিতে পারলেই শাহবাগ থেকে দুধ-মধু বেয়ে আসবে, আর জাতি তা চেটে চেটে খাবে। দেশে আর কোনো অশান্তি, সমস্যা থাকবে না। গতকাল বুধবার মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আহম্মদ আলী স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাংসদ আমজাদ হোসেন। সভায় তরিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সরকারি-বেসরকারি জমি ও খেত দখল করে নিচ্ছে। কুইক রেন্টাল, ডেসটিনি, হল-মার্ক, শেয়ারবাজারসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সরকারি দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। সরকারি-বেসরকারি অনেক ব্যাংক সরকার ও আওয়ামী লীগের নেতাদের ঋণ দিতে গিয়ে দেউলিয়া হয়ে গেছে। এ সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে তারা বঙ্গোপসাগরের পানিও চুষে খাবে।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ওপর ন্যস্ত করেছিলেন। একইভাবে বর্তমান সরকার সংবাদপত্র ও আদালতের টুঁটি চেপে ধরতে চায়।