দুর্নীতি থাকলে দারিদ্র্য বিমোচন সম্ভব না: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, দুর্নীতি থাকলে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে না। আর দারিদ্র্য বিমোচন ও দুর্নীতি রোধ ছাড়া ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়া সম্ভব না। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন: নির্বাচিত উত্তমচর্চা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গওহর রিজভী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা আমাদের প্রধান চ্যালেঞ্জ। যতক্ষণ পর্যন্ত সুশাসন বাস্তবায়নের পথে সমস্যাগুলোর সমাধান করতে না পারব, ততক্ষণ পর্যন্ত দারিদ্র্য থেকে বের হওয়া যাবে না। একইভাবে সোনার বাংলার স্বপ্ন পূরণও সম্ভব হবে না। এ কারণেই জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় একটি সমন্বিত কর্মসূচি। এটা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। তিনি বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগতভাবে সবার দায়িত্ব আছে। এটা কেবল সরকারের কাজ নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে এবং বাংলাদেশে জাইকাপ্রধান মিকিয়ো হাতায়েদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে পাঁচটি প্রতিষ্ঠানের ওপর উত্তমচর্চা-বিষয়ক সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়। ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান, মহাসড়কের ব্ল্যাক স্পটের ওপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, গণশুনানির ওপর দুদকের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, নারী ও শিশুদের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন নিয়ে আবুল হোসেন এবং বঙ্গবন্ধু সেতুর স্বয়ংক্রিয় টোল সংগ্রহ বিষয়ে হাবিবুর রহমান উপস্থাপনা দেখান।
পরে ‘সরকারি ও বেসরকারি খাতে উত্তমচর্চা বিকাশে সুশীল সমাজের সহায়ক ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত, এডাবের চেয়ারপারসন রোকেয়া কবীর ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মইনউদ্দিন।