দুর্নীতি দমন আইনের মামলায় পিআইও কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


দুর্নীতি দমন আইনে করা একটি মামলায় বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রণজিৎ কুমার সরকারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি কামরুল আহসান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পিআইও রণজিৎ কুমার জেলার জ্যেষ্ঠ বিশেষ আদালতে হাজির হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক ও জেলা দায়রা জজ মো. হাসানুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরজি সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের খাজুরতলা গ্রামের বাসিন্দা শামসুল হক বাদী হয়ে ২০১৩ সালের ৩ মার্চ দুর্নীতি প্রতিরোধ আইনে জেলার বিশেষ জজ আদালতে একটি মামলা করেন। মামলায় পিআইও রণজিৎ কুমার সরকার ছাড়াও ওই ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য নাজমুল আহসান, মহিব্বুল্লাহ রিপন ও তাছলিমা এলেনুরকে আসামি করা হয়।
মামলায় বাদী তাঁর অভিযোগে বলেন, পিআইও রণজিৎ সরকার অপর আসামিদের সঙ্গে যোগসাজশে ২০১২-১৩ অর্থবছরে আয়লা-পাতাকাটা ইউনিয়নের চারটি প্রকল্পের অনুকূলে কোনো কাজ না করেই বরাদ্দ করা ১৮ লাখ টাকার মধ্যে ১৭ লাখ টাকা আত্মসাৎ করেন।