ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন
দুর্নীতি দমন না হলে এমডিজি অর্জন হুমকির মুখে পড়বে
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সতর্ক করে দিয়ে বলেছে, কোনো দেশের সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হলে দেশটির সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন হুমকির মুখে পড়বে। জার্মানির বার্লিনে গত বুধবার ‘দ্য অ্যান্টিকরাপশন ক্যাটালিস্ট: রিয়েলাইজিং দ্য এমডিজিস বাই ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে টিআই এ আশঙ্কা প্রকাশ করে। খবর ইউএনবির।প্রতিবেদনে বিভিন্ন দেশের সরকার, দাতা সংস্থা ও বেসরকারি সংগঠনকে (এনজিও) তাদের এমডিজি অর্জনের পরিকল্পনায় দুর্নীতিবিরোধী কার্যক্রম অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ নির্ধারিত ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনে এটি জরুরি বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে শিক্ষা, স্বাস্থ্য ও পানিসহ আটটি খাতে এমডিজি অর্জনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়। টিআই-প্রধান হুগেত লেবেল বলেন, দুর্নীতি ও সুশাসনের অভাব এমডিজি অর্জনের গতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে। এটা স্পষ্ট যে এমডিজি অর্জন এবং যেকোনো উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি দমন জরুরি। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু স্বচ্ছতা ও জবাবদিহিতা দুর্নীতি কমাতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট খাতগুলোতে সুযোগ-সুবিধাও বাড়াতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে আমরা দেখাতে পেরেছি যে সততা ও তথ্যের প্রকাশ উৎসাহিত করার জন্য অংশগ্রহণমূলক সামাজিক জবাবদিহিতার কৌশলগুলো সেবা দেওয়ার স্তরে দক্ষতা বাড়াতে পারে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাজালের মতো এমডিজির মূল খাতগুলোতেই এটা সম্ভব হয়েছে।’বিশ্বের ৪৮টি দেশে খাওয়ার পানির বিষয়টি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট বিভাগের নিচের স্তরে ঘুষের লেনদেন বন্ধ করতে পারলে বিশুদ্ধ পানির সরবরাহে অনেক উন্নতি করা সম্ভব। যেসব দেশে দুর্নীতি দমনে কঠোর আইন রয়েছে, সেসব দেশে মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা এবং তরুণদের উচ্চশিক্ষার হারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।প্রতিবেদনে দেখানো হয়েছে ঘুষ বা এই জাতীয় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো খাতে ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে যায়। টিআইয়ের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী জাতিসংঘের কনভেনশন বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, এই কনভেনশন বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে একটি আইনি কাঠামো, যা এমডিজি অর্জনের পক্ষের নীতিমালাকে এগিয়ে নিতে পারে।বিশ্বের দাতা সংস্থাগুলোর অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, জনগণকে তা জানার সুযোগ দিতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে করে কোনো দেশের সরকার দাতাদের তহবিল নিলে জনগণও সে সম্পর্কে জানতে পারবে।দাতা সংস্থাগুলোর উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান হুগেত লেবেল বলেন, ‘আপনারা স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি নির্মূল এবং দরিদ্র ও প্রান্তিক মানুষকে সহায়তা করতে পারেন।’