দুর্নীতি দমনে দুদককে নিরপেক্ষ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি, ব্যবসা ও আমলাতন্ত্রের ত্রিভুজ মিলনের নেতিবাচক রূপ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চিহ্নিত করতে দুর্নীতি দমন কমিশনকেই (দুদক) নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করতে হবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহযোগিতায় দুদক আয়োজিত ‘যোগাযোগ কৌশল: ২০১৫-২০১৯’ শীর্ষক পরিকল্পনার খসড়া উপস্থাপন শেষে আলোচকেরা এসব কথা বলেন।
দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে দুদকের ৈতরি যোগাযোগ কৌশল ২০১৫-২০১৯-এর খসড়া প্রতিবেদনের তথ্যচিত্র উপস্থাপন করেন দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন। তিনি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির ঘটনা কমানোর উপায় বের করতে নীতিমালা প্রণয়ন, জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিসহ বিভিন্ন কর্মকৌশল ও তার উদ্দেশ্য তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আলোচনায় অংশ নিয়ে বলেন, দুদক জন্মাবধি এখন পর্যন্ত অভিযোগপত্র তথা দুর্নীতিগ্রস্তদের সাজা দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারেনি। দুদক বছরের শুরুতে যে কয়টি অনুসন্ধান নিয়ে কাজ শুরু করে, তদন্ত শেষে তার কয়টিতে দুর্নীতিগ্রস্তদের সাজা হয়েছে, তিনি তা জানতে চান।
উপস্থাপিত খসড়া প্রতিবেদনটি দুর্নীতি প্রতিরোধে কতটুকু কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি স্বল্প লাভ ও উঁচু ঝুঁকি৷ এটির অর্থ, দুর্নীতি করার পর কিছু-না-কিছু লাভ থাকবে। সে ক্ষেত্রে এ কর্মকৌশল দুর্নীতি প্রতিরোধে কী ধরনের ভূমিকা রাখতে পারবে?’
বিশ্বব্যাংকের সুশাসন উপদেষ্টা ট্রেসি এম লেইন বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু দুদক বা সরকার নয়, অংশীজনদেরও (স্টেকহোল্ডার) সমান ভূমিকা রয়েছে। বিশেষ করে দুর্নীতি না করার জন্য সামষ্টিক মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, এই খসড়া প্রতিবেদনটি সরাসরি দুর্নীতি প্রতিরোধের প্রতিষেধক নয়। তবে শাসন পদ্ধতিকে জোরদার, সুশাসন রক্ষা, দুর্নীতি প্রতিরোধে জনগণের সরাসরি অংশগ্রহণ এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (ইউএনসিএসি) প্রতিনিধি মনজুর হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরুদ্দিন। আলোচকদের বক্তব্য শেষে প্রতিবেদন নিয়ে বিশ্বব্যাংক, দাতা সংস্থা ইউএসএআইডি, জার্মানভিত্তিক সংস্থা জিআইজেডের প্রতিনিধিরা তাঁদের মতামত জানান।
এর আগে সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী দুদকের পক্ষে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি এ সময় চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মামলা, অভিযোগপত্র এবং আদালত কর্তৃক অভিযুক্তদের সাজা ও খালাসের হিসাব দেন।