দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গীকারনামায় দুর্নীতি দমনে সদিচ্ছা ও প্রতিশ্রুতির কোনো অভাব থাকে না। কিন্তু তা বাস্তবায়নে কোনো দৃঢ় পদক্ষেপ দেখা যায় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘কোঅর্ডিনেশন অ্যান্ড কোলাবরেশন বিটুইন সিএজি, আইসি অ্যান্ড এসিসি টু এনশিউর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় গোলাম রহমান এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইএ)। আলোচনায় সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইএর ঊর্ধ্বতন পরামর্শক সাহাদ খান। সভাপতির বক্তব্যে গোলাম রহমান আরও বলেন, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। বড় দুই দল যারা দেশের ক্ষমতা পরিচালনা করে, তারা যদি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সদিচ্ছা পোষণ করে, তবে দেশের দুই-তৃতীয়াংশ দুর্নীতি এমনিতেই কমে যাবে। এ ছাড়া প্রতিটি সরকারি-বেসরকারি কার্যালয়ে ‘সিটিজেন চার্টার’ দৃশ্যমান স্থানে রাখা এবং সেই অনুযায়ী কাজ করার ওপর জোর দেন কমিশনের চেয়ারম্যান।দীর্ঘদিন ধরে দুদক আইনের বিষয়টি ঝুলে রয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশনের সংশোধনী আইনটি দেড় বছর ধরে ঝুলে আছে। সংসদের চলমান অধিবেশনেই এ আইনটি ওঠানোর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি জানান, এখন থেকে প্রতি দুই মাস অন্তর একটি করে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এতে দুদক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও তথ্য কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তথ্য প্রাপ্তি সাধারণ জনগণের অধিকার। প্রতিটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে যখন সাধারণের জানার সুযোগ থাকবে, তখন সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহি তৈরি হবে। দায়বদ্ধতা ও স্বচ্ছতার মধ্যে থাকলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমে যাবে।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. আহমেদ আতাউল হাকিম বলেন, সাধারণত অডিটের মাধ্যমে দুর্নীতি খুঁজে পাওয়া যায়, কিন্তু তাতে শুধু অর্থব্যয়ের হিসাব থাকে। আর এসব অর্থব্যয়ের পেছনে সচিবের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সচিবদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। অন্যথায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমার সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি। এ সময় দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন, তথ্য কমিশনার সাদেকা হালিম, মো. আবু তাহেরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।