দুর্নীতি দমনে সবার সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমনে রাজনীতিবিদসহ সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। আজ রোববার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের চতুর্থ দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
দুদক চেয়ারম্যান বলেন, এবারের প্রতিপাদ্য-‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’। যদি সবাই মিলে দুর্নীতিবাজদের ঘৃণা করা হয়, তাহলে তাঁরা (দুর্নীতিবাজ) দুর্নীতি করতে আগ্রহ পাবেন না। তাঁদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে।
এ সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করেন। অনিয়মের অভিযোগ দুদক খতিয়ে দেখবে কি না-এমন প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, ‘উনার (ড. ইউনূস) বিষয়ে যদি কোনো অনিয়মের তথ্য পাই, তাহলে আমরা খতিয়ে দেখব।’
সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিজয়নগর-পল্টন-প্রেসক্লাব হয়ে আবার দুদকে এসে শেষ হয়।