দুর্নীতি দমনে 'অ্যান্টি ভাইরাস' চান দুদক চেয়ারম্যান

‘দুর্নীতি নামের ভাইরাস’ দমনে অ্যান্টি ভাইরাস চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের উত্তম চর্চাগুলো দেশে ছড়িয়ে দিতে চান তিনি।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ দেশীয় পরিচালক সুদীপ্ত মুখার্জির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
‘প্রায় সব দপ্তরে কমবেশি দুর্নীতি আছে’—এ মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, ‘কমিশনে দুর্নীতির তদন্তকারী কর্মকর্তার সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জন। প্রায় ১৬ কোটি জনসংখ্যার দেশে এ জনবল দিয়ে দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজ সত্যিই কঠিন।’ এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের তদন্তের মান নিয়েও তাঁরা সন্তুষ্ট নন বলেও উল্লেখ করেন তিনি।
ইউএনডিপির দেশীয় পরিচালক সুদীপ্ত মুখার্জি বলেন, ইউএনডিপি সুশাসনের ওপর অধিকতর গুরুত্ব দেয়। কমিশনের চলমান এসব কার্যক্রমে অবদান রাখতে চায় ইউএনডিপি।
সরাসরি ইউএনডিপির কাছ থেকে আর্থিক সহায়তার তেমন প্রয়োজন নেই উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রয়োজন উপকরণ। এসব উপকরণ দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্যবহার করতে চাই।’ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর কাজে ইউএনডিপির কারিগরি সহযোগিতা চান তিনি।