অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাড়িতে গ্যাসের মতো মূল্যবান সম্পদ অপচয় হচ্ছে। ভবিষ্যতে আবাসিকভাবে আর গ্যাস-সংযোগ দেওয়া হবে না। দুর্নীতিতে শুধু ভ্যাট বিভাগই নয়, আমরা সবাই ওস্তাদ। সাংবাদিক ও সংবাদমাধ্যমও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। দুর্নীতি দূর করতে প্রক্রিয়াগত উন্নয়নের কাজ চলছে।’
গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের অত্যাধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ মো. আবু জাহির ও মাহবুব আলী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন প্রমুখ।
প্রাণ-আরএফএল গ্রুপ সূত্রে জানা গেছে, সদর উপজেলার অলিপুর এলাকায় প্রায় ২০০ একর জমির ওপর এ ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হয়েছে। এখানে লিকুইড গ্লুকোজ-প্ল্যান্টসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন করা হবে। পাশাপাশি ফ্ল্যাক্সিবল প্যাকেজিং, প্লাস্টিক পণ্য, পিভিসি দরজা, বাইসাইকেল, ইলেকট্রিক কেবল, কাচ ও সিরামিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম, টয়লেট সামগ্রী উৎপাদিত হবে। এতে এডিবি, ডিইজি, ইডিসিসহ দেশি কয়েকটি ব্যাংক অর্থায়ন করেছে। কারখানাগুলো চালু করতে এক হাজার ৭০০ কোটি টাকার প্রয়োজন হবে।