ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দুর্নীতি বাংলাদেশের ক্যানসারে পরিণত হয়েছে। এই ক্যানসারকে সমাজ থেকে তুলে দিতে পারলেই বাংলাদেশ হবে সারা বিশ্বের উন্নয়নের মডেল।
গতকাল শনিবার বিকেলে পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দেশের ভূমি খাতকে দুর্নীতিমুক্ত করাই হবে তাঁর প্রথম কাজ। ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও ডিজিটালাইজড করে এই খাতকে যুগোপযোগী করা হবে। এতে ভূমি নিয়ে কাউকে হয়রানির শিকার হতে হবে না।
ভূমিমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা ও মানবতাবিরোধী অপশক্তিকে এ দেশের মাটি থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে।
পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, পাবনা-১ আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার, পাবনা-৩ আসনের সাংসদ মোকবুল হোসেন প্রমুখ।