দুর্নীতি না করার অঙ্গীকার বিদ্যুতের লাইনম্যানদের
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর সাব-জোনাল কার্যালয়ের লাইনম্যানরা প্রায় এক মাস ধরে কোনো গ্রাহকের কাছ থেকে ঘুষ চাইছেন না। কোনো দালালকে তাঁদের কাছে ঘেঁষতে দিচ্ছেন না। এমনকি কাজের শেষে বকশিশও নিচ্ছেন না কেউ।
গত ১৫ আগস্ট থেকে দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন তাঁরা। সেই অঙ্গীকার অনুযায়ী তাঁরা কাজ করছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।
পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংযোগ প্রদান, মিটার বদলানো, মিটার ও লাইনের ত্রুটি সারানো, ট্রান্সফরমার লাগানোসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছে টাকা চাওয়া অনেক লাইনম্যানের কাছেই নিয়ম হয়ে গিয়েছিল। এই সুযোগে তৈরি হয়েছিল একটি দালাল চক্র। তারা গ্রাহকদের কাছ থেকে নিয়মের চেয়ে দুই-তিন গুণ বেশি টাকা নিয়ে লাইনম্যানদের মাধ্যমে কাজ করিয়ে দিতেন। এ ছাড়া ধারাবাহিকতা ভেঙে টাকার বিনিময়ে কিছু গ্রাহককে সেবা দেওয়া হতো। এতে অনেক গ্রাহকই ভোগান্তির শিকার হতেন। এ রকম অনেক অভিযোগই ছিল কার্যালয়টির লাইনম্যানসহ সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে। এই অনিয়ম-দুর্নীতি বন্ধের জন্য একসময় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
এই দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের লাইনম্যান (গ্রেড-১) নিরঞ্জন চন্দ্র রায় তাঁর সহকর্মী লাইন টেকনিশিয়ান ফজলুল হকের সঙ্গে গত আগস্ট মাসে নিজেদের মধ্যে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ওই কার্যালয়ের ১৭ জন লাইনম্যান বৈঠকে বসেন। আলোচনার পর সবাই সিদ্ধান্ত নিলেন, তাঁরা আর ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না। কেউ দুর্নীতি করলে তা প্রতিরোধ ও প্রতিহত করবেন। এ মর্মে একটি কাগজেও সই করেন তাঁরা। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হয় তাঁদের এই দুর্নীতিবিরোধী পথচলা।
পরবর্তী সময়ে বিষয়টি তাঁরা রাজনগর সাব-জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ওবায়দুল হককে জানান। ঘটনা শুনে ওবায়দুল ২১ আগস্ট কার্যালয়ের সব কর্মকর্তাকে নিয়ে এক বৈঠকে বসেন। পরবর্তী সময়ে কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী লাইনম্যানদের এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার আশ্বাস দেন।
নিরঞ্জন চন্দ্র রায় বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম কীভাবে এ দুর্নীতির চক্র থেকে বের হতে পারি। কারণ, আমরা যে বেতন পাই, তা দিয়েই চলতে পারি। তাহলে মানুষকে সেবা দিতে গিয়ে কেন টাকা নেব।’
লাইন টেকনিশিয়ান ফজলুল হক বলেন, ‘যদি নিজেরা উদ্যোগী হই, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব।’
রাজনগর সাব-জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ওবায়দুল হক বলেন, বিদ্যুৎ খাত দুর্নীতির আখড়া, এমনটাই মানুষের ধারণা। এটি এই ধারণাকে পাল্টে দেওয়ার প্রচেষ্টা।
কার্যালয়ের মহাব্যবস্থাপক শিবু লাল বসু বলেন, ‘আমরা গ্রাহকদের বিলের সঙ্গে দুর্নীতিবিরোধী লিফলেট দিচ্ছি। লাইনম্যানসহ অফিসের সবার সহযোগিতায় দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা চলছে।’