দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতাদের প্রতিজ্ঞা থাকতে হবে। মুখে দুর্নীতি না করার প্রতিজ্ঞা করলেও পরে সেই প্রতিজ্ঞা আর থাকে না। সমাজের প্রতিটি জায়গায় দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। গতকাল রোববার সকালে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ-বিষয়ক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রতিটি জেলা ও উপজেলায় গণশুনানির আয়োজন করা হবে। সম্প্রতি রাজউকে গণশুনানি করে ভালো ফল পাওয়া গেছে। রাজউকের কর্মকর্তারা দুর্নীতিতে নিমজ্জিত। প্লট পেতে পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অঙ্কের টাকা দিতে হয়।
মো. বদিউজ্জামান বলেন, দুদক সিদ্ধান্ত নিয়েছে, সহকারী কমিশনার (ভূমি), জেলা রেজিস্ট্রারের অফিস, সদর হাসপাতাল, বিদ্যুৎ অফিসে দুর্নীতি রোধে গণশুনানির আয়োজন করা হবে। দেশকে ভালোবেসে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, সিভিল সার্জন গোলাম ফারুক ভুইয়া।