দুর্নীতি না করার শপথ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে দুর্নীতি করবেন না বলে শপথ নিয়েছেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গতকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করে।
সরিষাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতামূলক প্রতিষ্ঠান সততা সংঘের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে কয়েক হাজার পেশাজীবী মানুষ শপথ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সততা সংঘ সূত্রে জানা যায়, পৌর শহরের সরিষাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পড়ান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আন্নু মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক সাংসদ মুরাদ হাসানসহ নানা পেশাজীবী মানুষ।
ইউএনও মোরশেদ আলী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ১০ হাজার মানুষ দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন।
পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা প্রশাসন স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে সদর হাইস্কুল মাঠে কুচকাওয়াজ প্রদর্শনীর আগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সাধারণ মানুষ দুর্নীতিবিরোধী শপথ নেন।
পরে স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে পাকুন্দিয়ার মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ করা হয়। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় ভালো খাবার পরিবেশন ও মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ প্রমুখ।