
সময়মতো বাঁধ নির্মাণ না করায় অসময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়েছে সুনামগঞ্জের সব হাওরের ফসল। বাঁধ নির্মাণকাজে দুর্নীতি বন্ধ করতে না পারলে হাওরে কান্না থামবে না; পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ফসলহানি ঘটনার পুনরাবৃত্তি ঘটবে প্রতিবছর।
প্রথম আলোর উদ্যোগে আজ শনিবার সুনামগঞ্জে ‘হাওরে ফসলহানি : করণীয় কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেছেন স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি এবং হাওরের কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার হল রুমে এই গোলটেবিল বৈঠক হয়।
হাওরে বোরো চাষাবাদ শুরু হয় সত্তরের দশক থেকে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরের ফসল রক্ষা প্রকল্প নামে প্রতিবছর অকাল বন্যার কবল থেকে ফসল রক্ষায় নতুন বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ করছে। পাউবো এবার হাওরের ১ হাজার ৫০০ কিলোমিটার বেড়িবাঁধের ৮৫০টি অংশ সংস্কার ও নির্মাণকাজ করে। এর মধ্যে বাঁধের ৫২৫টি অংশ ভেঙে একে একে ছোট-বড় ১৫৪টি হাওরের ফসলহানি ঘটেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, হাওরের ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান পুরোপুরি পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার হলে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গোলটেবিল বৈঠক হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।
স্বাগত বক্তব্যে সোহরাব হাসান বলেন, ‘প্রথম আলো সংবাদপত্রের পাশাপাশি একটু বেশি দায়িত্ব পালন করে। সেই নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে আজ হাওরের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রথম আলো এই আয়োজন করেছে।
হাওরের অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে সোহরাব হাসান বলেন, ‘আজ হাওরে যে দুর্যোগ চলছে, সেই দুর্যোগে দুর্গত মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে। কিন্তু এই দাঁড়ানোটা যথেষ্ট নয়। এ কথাটি আমরা জানাতে চাই।’
গোলটেবিল বৈঠক সঞ্চালনার শুরুতে লাজ্জাত এনাব মহছি বলেন, ‘হাওরের এই ভয়াবহ পরিস্থিতি শুরুতে ঠিকভাবে অনুধাবন করা যায়নি। পয়লা বৈশাখ যখন আমাদের পত্রিকায় “হাওরে ফসলহানি : সুনামগঞ্জে আজ উৎসব নেই, আছে প্রতিবাদ” শিরোনামে খবর ছাপা হয়। তখন বোঝা গেছে পরিস্থিতি কতটা ভয়াবহ। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিতে হবে। এ পরিকল্পনা কী হতে পারে, হাওরবাসীই বলবেন।’
বৈঠকে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জ সিলেট বিভাগের হাওর–অধ্যুষিত জেলা। সুনামগঞ্জে ফসলডুবির পর হবিগঞ্জের হাওরাঞ্চলেও ফসল ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই দুই সাংসদের কথায় স্থানীয় প্রেক্ষাপট উঠে আসে। সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘দুটি কারণে সুনামগঞ্জে ফসলহানি ঘটেছে। একটি হচ্ছে চৈত্র মাসে অতিবৃষ্টি, আরেকটি হলো কিছু মানুষের অতি লোভ। তাই পাউবোর প্রতি কৃষক ও মানুষের আর আস্থা নেই।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, হাওরে ফসল রক্ষা প্রকল্প বাস্তবায়ন করে পাউবো। এবার ফসল রক্ষা প্রকল্পে সরকারের অর্থ বরাদ্দ ছিল ৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদারির মাধ্যমে ৪৮ কোটি টাকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ২০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কথা ছিল। অভিযোগ রয়েছে, পাউবোর কাজ সময়মতো হয়নি; টাকাও লুটপাট হয়েছে।
ভবিষ্যতে ফসল রক্ষা বাঁধের কাজ আর পাউবোকে দিয়ে না করানোর আহ্বান জানিয়ে সাংসদ বলেন, ‘পাউবো আমাদের ফসল রক্ষায় ব্যর্থ হয়েছে। তাদের ওপর মানুষের আর কোনো আস্থা নেই। তাই তাদের দিয়ে আর বাঁধের কাজ করানো যাবে না। ভবিষ্যতে আমরা করতে দেব না। এ অবস্থায় বিকল্প খুঁজে নিতে হবে।’
হাওরের দুই প্রধান সম্পদ ধান ও মাছ। নদী, বিল, হাওরসহ সুনামগঞ্জে সরকারি হিসাবে জলমহাল রয়েছে ১ হাজার ১১৯টি। ইজারা বন্দোবস্তের মাধ্যমে জলমহাল থেকে সরকার রাজস্ব আদায় করে থাকে। সাংসদ মিসবাহ এ প্রসঙ্গে বলেন, ‘অনেকেই ইজারা বাতিলের কথা বলছেন। আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি। এখন ইজারা স্থগিত করলে তারাও ক্ষতির সম্মুখীন হবে। তাই সেটি না করে ক্ষতিগ্রস্ত মানুষের ভাসা পানিতে মাছ ধরার সুযোগ অবারিত করতে হবে।’
সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সিলেট ও হবিগঞ্জের হাওরের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘হাওরের এই দুর্যোগকে অনেকেই বলছেন মানবসৃষ্ট। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই, আমরা কী কখনো মার্চের শেষ দিকে এত বৃষ্টি দেখেছি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। জলবায়ু পরিবর্তন হয়েছে। সেটারও প্রভাব আছে। এখন হাওরকে নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। হাওরের মানুষকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে হবে। হাওরে ফসল গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছ, হাঁসও মরেছে। এ অবস্থায় আমরা আশার আলোও দেখছি। হাওরে মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের প্রেরণামূলক বিভিন্ন কর্মসূচি জোরদার হচ্ছে।’
কাল রোববার প্রধানমন্ত্রীর হাওর সফরের বিষয়টি উল্লেখ করে সাংসদ কেয়া চৌধুরী বলেন, হাওরের এই পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। এর মানে হাওরে বিপন্ন মানুষের পাশে সরকার আছে। হাওরের মানুষের এই হাহাকারের বিষয়টি মাথায় রেখেই ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষকদের নিয়ে কাজ করছে। সরকার যা করছে তা মানুষকে জানাতে হবে। না হলে কাজে ফাঁকি থেকে যাবে। মানুষ সচেতন হলে, সবকিছু জানলে, নিজেরাই অনেক কিছু করতে পারবে।
হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী। তিনি বলেন, ‘১২টি বাঁধের কাজ শুরুই হয়নি। আমি বলব অন্য যেগুলো হয়েছে, সেগুলোতেও প্রকৃত অর্থে কোনো কাজ হয়নি। স্থানীয় ভাষায় বলতে হয় ‘উড়া উড়া’ মাটি ফেলা হয়েছে। আমরা দুর্নীতির বিচার চাই। আইনজীবী সমিতির পক্ষ থেকে সাধারণ সভা করে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি চলছে।’
সুনামগঞ্জের প্রত্যন্ত ধরমপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষায় ৩৩ হাজার ১৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫১৫ জন পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ অবস্থায় হাওর এলাকায় এবার ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়তে পারে বলে মনে করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তিনি। সভায় পরিমল কান্তি দে বলেন, ফসলহারা মানুষ চারদিক থেকে অসহায়। তাদের ঘরে খাবার নেই। হাতে টাকা নেই। এবার জেলার মাধ্যমিক শিক্ষার্থীদের পুরো বছরের বেতন মওকুফ করা দরকার। সেই সঙ্গে সবাইকে উপবৃত্তি দেওয়া যেতে পারে। না হলে এসব শিক্ষার্থীর অভিভাবকেরা তাদের অন্য কাজে লাগিয়ে দেবে।
সুনামগঞ্জে গত ২৭ মার্চ থেকে টানা বৃষ্টি শুরু হয়। ২৯ মার্চ থেকে একে একে হাওরের ফসলহানি শুরু হয়। বাঁধ ভেঙে ফসলহানি ঘটায় পাউবো ও ঠিকাদারদের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ কৃষকেরা ক্ষোভে ফুঁসে ওঠেন। গঠন করা হয় সর্বদলীয় একটি মোর্চা ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘অনেকেই আমাদের জিজ্ঞেস করেন, আমরা হাওর বাঁচানোর কথা কেন বলছি। হাওর এখন লাইফ সাপোর্টে আছে। হাওরের উন্নয়ন নিয়ে পরিকল্পনা হয়, কথা হয়, কিন্তু কাজ হয় না। প্রতিবছর হাওরের ফসল রক্ষায় বাঁধের নামে পাউবো ঠিকাদার ও পিআইসি লুটপাট করে। এবারও বাঁধ নির্মাণকাজে সীমাহীন দুর্নীতি হয়েছে। অসময়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল—এই সব বলে দুর্নীতিবাজদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। হাওর রক্ষার নামে দুর্নীতির বিচার চাই।’
ফসলহানির পর ১৬ এপ্রিল থেকে সুনামগঞ্জের হাওরে শুরু হয় আরেক দুর্যোগ। পানিদূষণ ও মাছের মৃত্যু উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মৎস্য বিভাগের তথ্য বলছে, শুধু সুনামগঞ্জে ৫০ মেট্রিক টন মাছ ও ২ হাজার ৫০০টি হাঁসের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী বলেন, ‘পানিদূষণ নিয়েও নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে। প্রথম আলো সচেতনভাবে এ গুজব ছড়ানো থেকে বিরত ছিল। তবে কাঁচা ধান পচে পানিদূষণের ঘটনা ঘটলে তা মোকাবিলার পন্থার বিষয়ে জনসাধারণকে সচেতন করতে হবে। এটি জেলা প্রশাসন অথবা মৎস্য বিভাগের মাধ্যমে হতে হবে।’
বৈঠকে সুনামগঞ্জে ১৯৭৩ সালে দেখার হাওরের ঐতিহাসিক পান্ডারখালের বাঁধ নির্মাণের অন্যতম উদ্যোক্তা প্রয়াত রাজনীতিবিদ আলফাতউদ্দিন আহমদের (মোক্তার সাহেব) ছেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সুনামগঞ্জের সম্পাদক আলী হায়দার ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বক্তব্য দেন। তাঁরা অভিন্ন সুরে বলেন, হাওরে ফসলহানির কান্না নতুন নয়। এ কান্নার মূলে রয়েছে কিছু মানুষের লোভ। হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধ না হলে হাওরের কান্না থামানো যাবে না।
সুনামগঞ্জে একের পর এক হাওর যখন ডুবছিল, তখন স্বেচ্ছাশ্রমে তাহিরপুর উপজেলার শনির হাওরকে রক্ষা করার চেষ্টা চলছিল। একটানা চেষ্টা চালিয় ২৪ দিন পর্যন্ত হাওরটিকে রক্ষা করা সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। শনির হাওরে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজে নিয়োজিত জনপ্রতিনিধিদের একজন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও জামালগঞ্জ উপজেলার বেহিলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী ওয়ার্ড সদস্য মনেছা বেগম এবং নেত্রকোনার খালিয়াজুড়ি হাওরে পাহাড়ি ঢল মোকাবিলায় কৃষকদের ‘মানবঢাল’-এ অংশ নেওয়া কৃষক অমর চাদ দাশ বক্তব্য দেন। নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁরা তিনজন বলেন, হাওরের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে অভ্যস্ত। হাওরের জন্য পানি সমস্যা, আবার আশীর্বাদও। পানি ধারণ করার ক্ষমতা বাড়াতে হাওরের নদ-নদী খনন করতে হবে। প্রয়োজনে নাব্যতা হারানো হাওরও খননের আওতায় আনতে হবে। বৈঠক শেষে ওই তিনজনকে প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।