দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু
‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে কমিশন কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, এবার নিয়ে পঞ্চমবারের মতো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে কমিশন। দুর্নীতি প্রতিরোধে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই কমিশন এ কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, সচিব মো. মাকসুদুল হাসান খানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে দুদক মিডিয়া সেন্টারে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।
কর্মসূচির মধ্যে আজ শুক্রবার রয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।