দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কারের প্রতিবেদন জমার শেষ তারিখ ৭ মে
দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ-২০১৫-এর প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৭ মে শেষ হচ্ছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে আরও শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা এবং সাংবাদিকদের এ বিষয়ে আরও সৃজনশীল ও সক্রিয় করার জন্য ২০১৫ সালের এপ্রিলের প্রথম দিকে এ পুরস্কার প্রবর্তন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন (জিআইজেড) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
মোট পাঁচটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সব সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকের কাছ থেকে দুর্নীতি প্রতিরোধে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন/ ফিচার আহ্বান করে ইতিমধ্যেই প্রথম সারির জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য এ-সংক্রান্ত নিউজ লেটারের কপি সব মিডিয়া হাউস, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীকে আগামী ২২ থেকে ২৪ জুন পর্যন্ত জার্মানির বন শহরে ডয়েচে-ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ ব্যয়ে অন্তর্ভুক্ত রয়েছে জার্মানিতে যাতায়াতের ব্যয়, সেখানে থাকার সুবিধাসহ সম্মেলনে অংশ নেওয়ার সব ব্যয়। এই সম্মেলনের মাধ্যমে বিজয়ী সাংবাদিক বিশ্বজুড়ে প্রতিযোগিতায় জয়ী সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশের সংবাদমাধ্যম, দৈনিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলকে বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করার একটি অনন্য সুযোগ এটি।
www.media-award-bangladesh.net ওয়েবসাইট থেকে এন্ট্রি ফরম ডাউনলোড করে এটি প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি জমা দেওয়া যাবে। খামের ওপর ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ’ কথাটি উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রতিবেদন/ ফিচারের কপি ই-মেইলে [email protected]এই ঠিকানায়ও পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।