দুর্নীতি প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল রোববার দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গণশুনানি হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক সংস্থা জাইকা অনুষ্ঠানে সহযোগিতা করে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে গণশুনানি শুরু হয়। ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমদ, জাইকার জ্যেষ্ঠ পরামর্শক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাইকার প্রতিনিধি আকিকো সুদোমতো, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ।
উপজেলা ভূমি, সাবরেজিস্ট্রি, সেটেলমেন্ট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পিডিবি কার্যালয়ের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে ভুক্তভোগী লোকজন অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা এর জবাব দেন। অনুষ্ঠান শেষে নাসির উদ্দিন আহমদ বলেন, ‘এ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর দুর্নীতিগ্রস্ত বলে মনে হয়েছে। দালালচক্রের মাধ্যমে সেবা নিতে আসা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ এর আগে শোভাযাত্রা ও মানববন্ধন হয়।