দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক
দুর্নীতি সমাজের প্রতিটি স্তরকে কলুষিত করে তুলেছে। দুর্নীতিগ্রস্ত সমাজে প্রতিটি মানুষকে তাঁর প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হয় না। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে।
আজ বুধবার নগরের মুসলিম হল মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভা উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অনুপম সেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ।
সভায় অনুপম সেন বলেন, সংবিধানে আছে প্রতিটি মানুষকে তাঁর মর্যাদা দিতে হবে। কিন্তু দুর্নীতি আচ্ছন্ন সমাজে সেটি সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধ করতে দরকার চেতনা। সমাজের বিবেকবান মানুষের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।
দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে তিনি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি নাছিরুদ্দিন চৌধুরী বলেন, সমাজের মাত্র এক শতাংশ মানুষ দুর্নীতি করে আর বাকি ৯৯ শতাংশ মানুষ এর শিকার হয়। এ জন্যই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলা হচ্ছে।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক স্কোয়াড। এর আগে সকাল দশটার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারের সামনে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মুসলিম হল মিলনায়তনে এসে শেষ হয়।