কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর নির্বাচনে অংশ নেওয়া মেয়র পদপ্রার্থীরা টাকা দিয়ে ভোট না কেনার ও দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাহ মাঠে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে তাঁরা এই অঙ্গীকার করেন।
গতকাল দুপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও পিপল ডেভেলপমেন্ট প্রসেসের (পিডিপি) উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনগণের মুখোমুখি হয়ে নিজেদের প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা জানান তিন মেয়র পদপ্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. মেছবা উদ্দিন (নৌকা), বিএনপি-মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জালাল উদ্দিন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান (নারকেলগাছ)। ৩১ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালে তাঁরা কেন নির্বাচন করছেন, কী তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য, তা-ও তুলে ধরেন। তাঁরা আরও বলেন, জনগণের কল্যাণে পৌরসভায় যে যে পরিকল্পনা হাতে নেওয়া দরকার, তা তাঁরা নেবেন। তাঁরা সরাসরি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক তানভীর হায়দার, প্রভাষক তরীকুল হাসান, মো. আমির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিডিপির পরিচালক মো. এনামুল হক।