দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে, তা কেউ থামাতে পারবে না বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, দুর্নীতির প্রমাণ মিললে কেউ ছাড় পাবেন না।
দুদক কার্যালয়ে আয়োজিত গতকাল বুধবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের কেউ থামাতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবেই।’
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এ প্রতিপাদ্য নিয়ে সকালে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’-এর উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসির উদ্দিন আহমেদ, সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, মহাপরিচালক শামসুল আরেফিন, কামরুল হোসেন মোল্লা, এইচ এম সালাহ্উদ্দিন, মো. জিয়াউদ্দিন, মো. সহিদুজ্জামানসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দুপুরে কমিশনের মিডিয়া সেন্টারে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।