দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু সোমবার

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উদ্যাপন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দিন সকালে রাজধানীর দুদক কার্যালয়ের সামনে সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করবেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘সংস্থার দুই কমিশনার এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন শেষে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রেক্ষাপট, উদ্দেশ্য সর্বোপরি দুর্নীতিবিরোধী কার্যক্রমের বিগত দিনের সাফল্য, ব্যর্থতা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দুদক চেয়ারম্যান। পরে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি।’
২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান উপপরিচালক প্রণব কুমার।
প্রতিরোধ সপ্তাহের দ্বিতীয় দিন ২৭ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবে দুদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ।
২৮ মার্চ কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সর্বস্তরের নাগরিকদের নিয়ে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়ে দুর্নীতিবিরোধী মানববন্ধনে নেতৃত্ব দেবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ওই দিন বিকেল ৩টায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের ভিত্তিতে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ বিজয়ী সাংবাদিকদের পুরস্কার দেওয়া হবে। কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।
২৯ মার্চ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কৃত করবে কমিশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৩০ মার্চ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদের খতিবেরা জুম্মার নামাজের আলোচনায় দুর্নীতিবিরোধী কথা দেবেন।
৩১ মার্চ শনিবার কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের নিয়ে সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথগ্রহণ অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
১ এপ্রিল রোববার কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক সেমিনার হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৃণমূল পর্যায়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে।