দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকে সবকিছু চলবে আইনানুযায়ী। এখানে ব্যক্তি বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল শনিবার দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের সকল কার্যক্রম আইনের আওতায় থাকবে। কার কী পরিচয়, তা মুখ্য না।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচি: আজ রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্রছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথ গ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধিবিষয়ক দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে দেওয়া হবে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫। মঙ্গলবার সকাল দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন। বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক হবে। বৃহস্পতিবার দুদকের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে।