দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে বিনা মূল্যে আইনগত সহায়তা দিতে রাঙামাটিতে অ্যালাক-এর (অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার) কার্যক্রম শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি জেলা কমিটি যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে।
গতকাল শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে অ্যালাক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিচারক, আইনজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দুর্নীতি দমন কর্মকর্তা, সামাজিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সনাক রাঙামাটি জেলা সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, দুর্নীতি কমাতে হলে উচ্চপর্যায় থেকে কাজ শুরু করতে হবে। দরিদ্র ও তৃণমূল মানুষ দুর্নীতি করে না, তাঁরা দুর্নীতির শিকার হয়। রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হলে দুর্নীতির অভিযোগ উঠবে না।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা জজ আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. শামস উদ্দিন খালেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে সবার কাজ করে যেতে হবে। সাধারণ জনগণকে আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, রাঙামাটির দুর্গম বিলাইছড়ি থানায় গত বছর মাত্র একটি মামলা হয়েছে। আর এ বছর মার্চ মাস পর্যন্ত কোনো মামলাই হয়নি। এটা কি আইনগত সুযোগসুবিধার অভাবে না কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত না হওয়ার কারণে তা জানতে পারিনি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, জনগণের সচেতনতাই পারবে দুর্নীতি রোধ করতে।
দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ আলী মিয়া বলেন, দুদকের মামলা অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া দুর্নীতি প্রতিরোধে বাধা হয়ে দাঁড়ায়। এ ছাড়া জেলা পর্যায়ে তদন্ত কর্মকর্তার স্বল্পতাও দুর্নীতির ঘটনার তদন্ত করা সময়সাপেক্ষ হয়ে পড়ে।
অ্যালাক কার্যক্রম সম্পর্কে টিআইবির সহকারী পরিচালক উমা চৌধুরী বলেন, দুর্নীতির শিকার বা চাক্ষুষ সাক্ষীর অভিযোগ গ্রহণের পর তা বিশদভাবে বিশ্লেষণ করে প্রতিকার বা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুস্পষ্ট আইনি পরামর্শ প্রদানের একটি প্ল্যাটফর্ম আ্যালাক। এর মাধ্যমে সেবাগ্রহীতা পরামর্শ নিয়ে দুর্নীতি সংঘটনের আশঙ্কাকে চ্যালেঞ্জ করতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালাক আহ্বায়ক সুস্মিতা চাকমা।